মিলে গেলেন প্রশাসন-মেয়র, মাঝখানে হতাহত নেতাকর্মীরা

অবশেষে সমঝোতার মাধ্যমে অবসান হলো বরিশালে প্রশাসনের সাথে মেয়র ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বন্দ্বের। ইউএনওর বাসায় হামলার ঘটনাকে কেন্দ্র করে যে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল রোববার (২২ আগস্ট) রাতে তার সুরাহা হয়েছে।

বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদলের বাসভবনে এই সমঝোতা বৈঠকটি হয় বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ইউএনও মুনিবুর রহমান। তবে সিনিয়রদের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন না বলে দাবি করেন।

কি শর্তে সমঝোতা হয়েছে তা তিনি জানেন না উল্লেখ করে বলেন, এ বিষয়ে জেলা বা বিভাগীয় প্রশাসনের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি দেয়া হবে।

বৈঠক বিষয়ে প্রকাশিত ছবিতে পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বিপিএম, জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট এ কে এম জাহাঙ্গীর হোসেনকে দেখা গেছে।

এর আগে রোববার দুপুরে বরিশালের এই ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম। তিনি তখনই জানিয়েছিলেন, শিগগিরই এর সমাধান হবে।

প্রসঙ্গত, শনিবার এক সংবাদ সম্মেলনে বরিশালের মুলাদী পৌর মেয়র শফিকুজ্জামান জানান, বুধবারের সংঘর্ষে নগরীর ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনিরুল ইসলাম ও মহানগর যুবলীগ নেতা তানভীরের চোখে গুলি লাগে। তারা এখনও রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও বহু নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর