পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
সাতক্ষীরা পৌরদীঘিতে সাঁতার কাটতে নেমে নিখোঁজ হওয়া মহিবুল্লাহ’র (৪৩) মৃতদেহ উদ্ধার করেছে ডুবুরিদল। নিহত ওই যুবক সদর উপজেলার মাছখোলা গ্রামের দ্বীন আলীর ছেলে।
সূত্র জানান, রবিবার (২২ আগস্ট) রাত ৮ টার দিকে সদর সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ মহিবুল্লাহসহ কয়েকজন দীঘিতে গোসল করতে নামেন। ওই সময়ে সাঁতার কাটার একপর্যায়ে মহিবুল্লাহ পানিতে তলিয়ে যায়।
তাৎক্ষণিক মহিবুল্লাহ’র সাথে থাকা অন্য সদস্যরা সাতক্ষীরার ফায়ার সার্ভিসকে খবর দেয়। তবে ডুবুরি না থাকায় তারা উদ্ধার কাজ চালাতে ব্যর্থ হয়।
পরবর্তীতে ফায়ার সার্ভিস খুলনায় খবর দিলে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরী দল রাত পৌনে দশটার দিকে এসে উদ্ধার অভিযানে নামে।
দীর্ঘ ৪৫ মিনিট খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত ১১টার দিকে মহিবুল্লাহ’র মৃতদেহ উদ্ধার করে ডুবুরী দল।
তবে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ডুবুরী দল না থাকার কারণে উদ্ধার অভিযানে বিলম্ব হওয়ায় স্থানীয়দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হুসেন জানান, উদ্ধার কার্যক্রম শেষ হয়েছে। নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তা বাজার/টি