গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে। গুচ্ছভিত্তিক ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার চূড়ান্ত আবেদনের সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। আবদেন করা যাবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
শনিবার রাত ৮টায় ২০ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়। এতে ভর্তি পরীক্ষার ফি ৬০০ টাকা থেকে বাড়িয়ে ১২০০ টাকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য মোনাজ আহমেদ নূর এ তথ্য জানিয়েছেন।
মোনাজ আহমেদ নূর বলেন, আমরা প্রথমে ৬০০ টাকা করে ফি নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু আজকের মিটিংয়ে ১২০০ টাকা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এ মাসের মধ্যে শিক্ষার্থীদের ইউজার নেম ও আইডি মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে জানানো হবে। এগুলো দিয়ে তারা আবেদন করতে পারবে। যাদের মোবাইলে মেসেজ যাবে তারা পরবর্তী ধাপে ওই ফি প্রদানের মাধ্যমে চূড়ান্ত আবেদন করতে পারবে। আবেদন চলবে ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। তবে করোনার জন্য ডেট (তারিখ) বাড়ানো লাগলে আমরা তা করব।
বার্তা বাজার/টি