এডিসের লার্ভা: ১২ প্রতিষ্ঠানকে প্রায় ২ লাখ টাকা জরিমানা

রাজধানীর রাজারবাগে এডিসের লার্ভা বিরোধী চিরুনি অভিযানে গ্রীনলাইন পরিরহনের কাউন্টারসহ ১২ নির্মাণাধীন ভবন, বাসা-বাড়ি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রায় ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) দক্ষিণ সিটি কর্পোরেশনের একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এডিসের লার্ভা বিরোধী চিরুনি অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে অঞ্চল-১ এর পরিবাগ শাহবাগে মো. আরিফুল ইসলাম সরদার, অঞ্চল-৩ এর কালুনগর বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় আতিকুল ইসলাম, অঞ্চল-২ এর রাজারবাগ ও শহীদবাগে মো. জাহিদ নেওয়াজ, অঞ্চল-৫ এর আলম মার্কেট সংলগ্ন এলাকায় মোহাম্মদ হুমায়ন রশিদ, অঞ্চল-৮ এর সারুলিয়ার বক্সনগরে মো. খায়রুল হাসান, অঞ্চল-৪ এর রুপলাল দাস লেনে মো. আবু হাসান এসব অভিযান পরিচালনা করেন।

এদিকে, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন রোববার ব্যাটারি গলি, নিউ ইস্কাটনের ৩৭০টি বাড়ি, সিদ্ধেশ্বরী সার্কুলার রোড সুধীসমাজ গলিতে চিরুনি অভিযান পরিচালনা করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতসমূহ ৯৩টি নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত ও চিরুনি অভিযান পরিচালনা করেন। এ সময় ১৫টি স্থাপনা ও প্রতিষ্ঠানে মশার লার্ভা পাওয়া যায়। তিনটি স্থাপনার লার্ভা ধ্বংস করে বাকী ১২টি স্থাপনা ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১২ মামলায় সর্বমোট ১ লাখ ৭৩ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়

অভিযান প্রসঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহিদ নেওয়াজ সংবাদ মাধ্যমকে বলেন, ‘গ্রীন লাইন পরিবহনের রাজারবাগ কাউন্টারের একপাশে গ্রীন লাইন পরিবহন কর্তৃপক্ষ অনেকগুলো টায়ার স্তূপাকারে জমা রেখেছে। অভিযানকালে দুটি টায়ারের মধ্যে প্রচুর পরিমাণে লার্ভা পেয়েছি। সেজন্য তাদের বিরুদ্ধে এক লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে।’

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর