খালেকুজ্জামান পান্নু,পাবনা : পাবনার সাঁথিয়ার স্থানীয় মহাসড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়ক প্রশস্তকরণ কাজ শেষ করেছেন সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান। বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন খুঁটি অপসারণের জন্য কেউ কোন আবেদন দেন নাই । এ দিকে রাস্তার উপর বিদ্যুতের খুঁটি থাকায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। ফলে মাঝে মাঝেই ঘটছে দুর্ঘটনা।
জানাগেছে, স্থানীয় সরকার অধিদপ্তরের আওতায় সাঁথিয়া উপজেলা সদরের সরকারী পাইলট স্কুলের সামনে হইতে ধুলাউড়ি হয়ে ডহরজানি পর্যন্ত স্থানীয় মহাসড়কটিতে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে রাস্তা প্রশস্তকরণ কাজের দায়িত্ব পান ঢাকা মিরপুরস্থ আর,এইচ,ডি নামে ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কটির বেশ কয়েক জায়গায় প্রায় ৬টি বৈদ্যুতিক খুঁটি রেখেই সড়কের কার্পেটিং এর কাজ সম্প্রতি শেষ করেন ওই প্রতিষ্ঠানটি। প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে এই সড়ক দিয়ে। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের খুঁটির কারণে যানচলাচলে বিঘœসহ নানাবিধ দুর্ঘটনার আশংকা করছেন ওই সড়কে চলাচলকারী জনসাধারণসহ যানবাহনের চালকেরা। তারা জানান, অতিদ্রুত এই বৈদ্যুতিক খুঁটি অপসারণ করা না হলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিন দেখা যায়, উপজেলা ধুলাউড়ি-ডেমরা সড়কে ধুলাউড়ি নতুন পাড়া নামক স্থানে রাস্তার ওপর আধা কিলোমিটার দুরত্বের মধ্যে ৪টি বিদ্যুতের খুঁটি রয়েছে। এছাড়া উপজেলা সদরে সাঁথিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তার ১টি ও খড়হাটায় ১টি বিদ্যুতের খুঁটি রয়েছে। ধুলাউড়ি নতুনপাড়া গ্রামের বাসিন্দা ও ধুলাউড়ি মাদ্রাসার শিক্ষক রকিব উদ্দিন রতন ও একই গ্রামের বাসিন্দা ব্যবসায় শামীম জানান, রাস্তার উপর বিদ্যুতের খুঁটি থাকায় মাঝে মাঝেই যানবাহন দূর্ঘটনা কবলিত হয়। এগুলি অবিলম্বে অপসারন করা জরুরী। এ সড়কে নিয়মিত চলাচলকারী অনামিকা বাসের চালক মাসুদ ও ট্রাক চালক খোকন মিয়া বলেন রাস্তার ওপর আধা কিলোমিটারের মধ্যে ৪টি বিদ্যুতের খুঁটি থাকায় এখানে এসে গাড়ির গতি কমিয়ে দিতে হয়। ডাবল গাড়ি সাইড দিতে গিয়ে বেশী ঝুঁকি পোহাতে হয়। পর্যাপ্ত আলো না থাকায় রাতে চলাচলে ঝুঁকি আরও বেড়ে যায়। বিদ্যুতের খুঁটি অপসারন না করেই সম্প্রতি ঠিকাদার প্রতিষ্ঠান রাস্তা সম্প্রসারন করেছেন।
এ ব্যাপারে ঢাকা মিরপুরস্থ আর এইচ ডি নামে ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে হারুন বলেন, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।
সাঁথিয়া উপজেলা প্রকৌশলী শহিদুল্লাহ বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বৈদ্যুতিক খুঁটি অপসারণের চেষ্টা করবো।
পাবনা পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর আতাইকুলা জোনের ডি,জিএম তুষার কান্তি মন্ডল জানান, এ ব্যাপারে ঠিকাদার বা সংশ্লিষ্ট কেউ খুঁটি অপসারণের জন্য কোন আবেদন দেন নাই। যদি দিতেন তবে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতাম।
ধুলাউড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জরিফ আহমেদ বলেন প্রায় ১মাস আগে এ ব্যপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।
সহজে যানবাহন চলাচলের সুবিধার্থে ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে এলাকাবাসী অবিলম্বে রাস্তার ওপর থেকে বিদ্যুতের খুঁটি অপসারেনের জন্য সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছে।
বার্তাবাজার/আর এইচ