চুরির মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স বানিয়ে রোগী পরিবহন করতে গিয়ে ধরা!

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ একটি চোরাই মাইক্রোবাসসহ একজনকে গ্রেফতার করেছে।

গতকাল শনিবার রাতে রাজধানীর ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় অভিযান চালিয়ে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম: মোঃ হাসান।

এ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার হান মুহাম্মদ মুহতারিম।

হান মুহাম্মদ মুহতারিম বলেন, ‘কতিপয় দুষ্কৃতিকারী ওয়ারী থানার ওয়্যার স্ট্রিট এলাকায় একটি মাইক্রোবাসকে অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করে রোগী পরিবহন করার কাজে ব্যবহার করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে চোরাই মাইক্রোবাসসহ (অ্যাম্বুলেন্স) হাসানকে গ্রেফতার করা হয়।’

সহকারী পুলিশ কমিশনার আরও বলেন, ‘গ্রেফতারকৃত হাসান চোরাই টয়োটা হায়েচ মাইক্রোবাসের ইঞ্জিন ও চেসিস নম্বর পরিবর্তনসহ মডিফিকেশনের মাধ্যমে অ্যাম্বুলেন্সে রূপান্তর করে রোগী পরিবহনের কাজে ব্যবহার করে আসছিল।’

গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর