আমিন বাজার থেকে মরিচারটেক পর্যন্ত রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন

সাভার উপজেলাধীন আমিন বাজার ইউনিয়ন রাজধানীর সন্নিকটে থাকা সত্বেও এর অবকাঠামোগত ও রাস্তাঘাটের তেমন উন্নয়ন হয়নি। ইউনিয়নের বাসস্ট্যান্ড থেকে মরিচারটেক বাজার পর্যন্ত রাস্তাটি নির্মাণের দাবী স্থানীয়দের দীর্ঘদিনের। রোববার (২২ আগষ্ট) দুপুরে ৬৯০ মিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।

রাস্তার নির্মাণ কাজের উদ্বোধনকালে উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, পর্যায়ক্রমে সাভার উপজেলার প্রতিটি ইউনিয়নের ভগ্নপ্রায় রাস্তাঘাটের সংস্কার এবং নতুন রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন হবে। আপনারা জানেন, ভাকুর্তা ইউনিয়নের প্রায় সব রাস্তাই চলাচলের অযোগ্য ছিলো। এখন ওই ইউনিয়নে গেলে অন্তত রাস্তা দেখে যে কারও মন ভরে যাবে। এই ধারাবাহিকতায় আজ আমিন বাজার ইউনিয়নবাসীর দীর্ঘদিনের দাবী মরিচারটেক বাজার পর্যন্ত রাস্তার নির্মাণ কাজ শুরু হলো। এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

কথা হয় মরিচারটেক এলাকার আব্দুল হালিম নামের এক বাসিন্দার সাথে। পেশায় তরকারির ব্যবসায়ী। তিনি জানালেন, এতদিনে একটা কাজের কাজ হলো। এই পথ দিয়ে প্রতিদিন যাওয়া-আসা করতে হয় তাকে। বর্ষাকালে যে ভোগান্তি পোহাতে হয় তাদেরকে তা অবর্ণনীয়।

স্থানীয় শিক্ষক মোঃ রেজাউল করিম জানান, সাভারের বারোটি ইউনিয়নের মধ্যে কাউন্দিয়া এবং আমিনবাজার অপেক্ষাকৃত কম উন্নয়ন কাজ হয়েছে এমন দুইটি ইউনিয়ন। এখানে রাস্তাঘাটের অবস্থা বাকি ইউনিয়নগুলোর চেয়ে অনেক খারাপ অবস্থায় রয়েছে। আমিন বাজার বাস স্ট্যান্ড থেকে মরিচারটেক বাজার বাজার পর্যন্ত রাস্তা খুবই খারাপ অবস্থায় রয়েছে। হাজারো মানুষ প্রতিদিন এই পথ দিয়ে চলাচল করে। যাইহোক, অবশেষে এই রাস্তার কাজ শুরু হতে যাচ্ছে, আমরা এজন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, আমিন বাজার বাস স্ট্যান্ড থেকে মরিচারটেক বাজার পর্যন্ত ৬৯০ মিটার দীর্ঘ এই রাস্তার নির্মাণ কাজ সাভার এলজিইডি বিভাগের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।

রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনকালে এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, আমিনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাভার উপজেলা প্রকৌশলী সালেহ হাসান প্রামাণিক প্রমুখ।

মো. আল মামুন খান/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর