ইউএনও-ওসিসহ ৫০ জনের বিরুদ্ধে আ.লীগের মামলা

হামলা ও সংঘর্ষের ঘটনায় এবার বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান, কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম, উপপুলিশ পরিদর্শক মো. শাহজালাল মল্লিকসহ ৫০ জনের বিরুদ্ধে দুটি মামলার আবেদন করা হয়েছে।

রোববার (২২ আগস্ট) বরিশালের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহর আদালতে এ আবেদন দুটি করা হয়।

আদালতে পৃথক অভিযোগ দাখিল করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন এবং বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার।

অ্যাডভোকেট মো. রফিকুল ইসলামের আদালতে দাখিল করা অভিযোগে ইউএনও মুনিবুর রহমান, কোতোয়ালি থানার ওসি নুরুল ইসলাম, উপপুলিশ পরিদর্শক মো. শাহজালাল মল্লিক, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেহরক্ষী পাঁচ আনসার সদস্যসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

অন্যদিকে বিসিসির রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার আদালতে দাখিল করা অভিযোগে ইউএনও মুনিবুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার দেহরক্ষী পাঁচ আনসার সদস্যসহ অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

বাদীর পক্ষে আইনজীবী ও বরিশাল আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাইয়ুম খান কায়সার জানান, আবেদনের শুনানি শেষে বিজ্ঞবিচারক মাসুম বিল্লাহ সিদ্ধান্ত ঘোষণার জন্য রেখেছেন। তিনি সিদ্ধান্ত দেওয়ার পর জানা যাবে যে, মামলাটি গ্রহণ হবে নাকি খারিজ।

উল্লেখ্য, গত বুধবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার সড়িয়ে ফেলাকে কেন্দ্র করে আনসার ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।

এ ঘটনায় পরদিন (১৯ আগস্ট) মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাসান মাহমুদ বাবুসহ ১৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর