কুড়িগ্রামে নদীগুলোর পানি বৃদ্ধি অব্যহত, আশংকায় তীরবর্তী মানুষজন
উজানের পাহাড়ি ঢল আর ভারতে কয়েকদিনের বৃষ্টিতে কুড়িগ্রামের নদ-নদী গুলোর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যার আশংকা করছেন বাসিন্দারা।
জানা যায়, কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে বয়ে চলে তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পাচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যহত থাকলে বন্যা হতে বেশিদিন লাগবে না।
রোববার (২২ আগস্ট) কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড থেকে জানা যায়, উজানে ভারতের অংশে ভারী বৃষ্টিপাতের ফলে কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সেতু পয়েন্টে ধরলার পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হয়ে পড়েছে ধরলা অববাহিকার নিম্নাঞ্চগুলো। তলিয়ে গেছে ধানসহ বিভিন্ন সবজির ক্ষেত।
কুড়িগ্রাম সদর ভোগডাঙ্গা ইউনিয়নের বড়াই বাড়ি গ্রামের মাহাবুব বলেন,”৩ বিঘা জমিতে আমন ধান রোপণ করছি। ২-৩ দিন নদীতে পানি বৃদ্ধির ফলে আমার আমন ক্ষেত তলিয়ে গেছে। পানি যদি স্থায়ী থাকে তাহলে তো আমন আবাদ নষ্ট হয়ে যাবে। করোনার কারণে সংসারের অবস্থা খারাপ তার মধ্যে যদি আবার আমন ক্ষেত নষ্ট হয়ে যায় কি হবে আমাদের।”
কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মোঃ সাঈদুর রহমান জানান, “ধরলা নদীতে দু’দিন থেকে পানি বৃদ্ধি পাচ্ছে। তবে এখনো কোন পরিবার আমার ইউনিয়নে পানিবন্দি হয়নি। যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে অব্যাহত থাকলে অনেক পরিবার পানিবন্দি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও কৃষকদের কিছু ফসলি জমি পানিতে ডুবে গেছে, পানি দীর্ঘদিন থাকলে আমন আবাদের ক্ষতি হয়ে যাবে।”
সুজন মোহন্ত/বার্তা বাজার/এসজে