পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ আসবে নিউজিল্যান্ড। তুলনামূলক তরুণ দল নিয়ে বাংলাদেশ আসবে কিউইরা। তবে বাংলাদেশ সফরে আসার আগে টাইগারদের হুঁশিয়ার করলেন রাচিন রবীন্দ্র।
ফিন অ্যালেন, বেন সিয়ার্সের বিষয়ে বাংলাদেশকে হুঁশিয়ার করেছেন তিনি। অনূর্ধ্ব ১৯ দলের একসাথে খেলেছেন তারা তিনজন। এমনকি বাংলাদেশ সফরও করেছেন তারা।
বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয় অ্যালেনের। টাইগারদের বিপক্ষে তিন ম্যাচে করেন ৮৮ রান। এক ম্যাচে খেলেন ৭১ রানের ইনিংস। অন্যদিকে সিয়ার্সের গতি নিয়ে বাংলাদেশকে সতর্ক করেছেন রবীন্দ্র।
অ্যালেনকে নিয়ে তিনি বলেন, আমি অ্যালেনের বিপক্ষে অনেক ম্যাচ খেলেছি। বর্তমান বিশ্বের অন্যতম বিধ্বংসী ব্যাটসম্যান অ্যালেন। সে আশ্চর্যজনকভাবে তার কাজটা করে। বিশেষ করে সুপার স্ম্যাশ ক্যাম্পেইনের সময় যেভাবে সে ব্যাটিং করেছিল তা ছিল দুর্দান্ত।
সিয়ার্সের প্রসঙ্গে তিনি বলেন, সিয়ার্সকে নেটে মোকাবিলা করতে হলেও আপনাকে ভালোভাবে প্রস্তুত হতে হবে। সে অনেক গতিতে বোলিং করে। ছোটবেলা থেকেই সে এভাবে বোলিং করে। আমি অনেকবার ওর মুখোমুখি হয়েছি। সে খুবই গতিতে বোলিং করে। তাকে দলে নিয়ে ভালো করেছে নিউজিল্যান্ড।
উল্লেখ্য, আগামী ১ সেপ্টেম্বর প্রথম টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে এই সিরিজ। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।
বার্তা বাজার/নব