আফগানিস্তান ইস্যুতে পশ্চিমা দেশগুলোকে পুতিনের হুঁশিয়ারি
তালেবান যোদ্ধারা আফগানিস্তান দখলে নিলেও তাদের স্বীকৃতি দেবে না ইউরোপীয় ইউনিয়ন। তবে আফগানিস্তান ইস্যুতে পশ্চিমা দেশগুলোকে নাক না গলানোর আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রুশ প্রেসিডেন্ট বলেন, একটা দেশের জনগণ কি করবে না করবে সেটা তারাই বুঝবে। তাদের ওপর বিদেশি মূল্যবোধ চাপিয়ে দেওয়ার ‘দায়িত্বজ্ঞানহীন নীতি’ পশ্চিমাদের অবশ্যই বন্ধ করতে হবে।
শুক্রবার (২০ আগস্ট) ক্রেমলিনে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেলের জন্য আয়োজিত এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন পুতিন।
তিনি বলেন, আফগানিস্তানের প্রায় সম্পূর্ণ অংশ তালেবানের নিয়ন্ত্রণে। এ বাস্তবতা মেনেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে। একইসঙ্গে আফগানিস্তান রাষ্ট্র ভেঙে না পড়ার জন্য পদক্ষেপ নিতে হবে।
আফগানিস্তানে মার্কিন অভিযান নিয়ে পুতিন বলেন, আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের ফলাফল আমাদের আগ্রহের বিষয় নয়। আমরা এখন আফগানিস্তানের স্থিতিশীলতা নিয়ে চিন্তিত।
আফগানিস্তান থেকে শরণার্থী ছদ্মবেশে সন্ত্রাসীরা যেন প্রতিবেশি দেশগুলোতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ওপর জোর দেন রুশ প্রেসিডেন্ট।
এসময় আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের প্রতি পশ্চিমা সমর্থনের কড়া সমালোচনা করেন পুতিন। এভাবে বিদেশি ধাঁচে অন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টায় উল্টো ফল হয়েছে বলে মনে করেন তিনি।
বার্তা বাজার/নব