পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দেওয়া কেন্দ্রীয় ছাত্রদলের ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২১ আগস্ট) রাতে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।
সম্প্রতি পুলিশের পোশাক খুলে নেওয়ার হুমকি দিয়ে আলোচনায় আসেন রনি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপির কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় এ মন্তব্য করেছিলেন তিনি।
তিনি বলেছিলেন, ঢাকার চন্দ্রিমা উদ্যানে বিএনপির কর্মসূচিতে পুলিশ বিনা উসকানিতে হামলা করেছে। আমি জানি না, পুলিশ কাদের লোক। তারা কি সাধারণ জনগণের নাকি শেখ হাসিনার লোক?
তিনি আরও বলেছিলেন, আমি বলতে চাই, তারা যদি শেখ হাসিনার লোক হয়ে থাকেন তাহলে আপনারা যে পোশাক পরিধান করেন তা জনগণের ট্যাক্সের টাকায় কেনা। যদি ছাত্রদল ও তারেক রহমান পুলিশের পোশাক খুলে ফেরা চিন্তা করে তাহলে সেটা আমাদের ওয়ান-টু’র ব্যাপার। পুলিশকে প্রতিহত করবে ছাত্রদল।
এদিকে রনির গ্রেফতারের ব্যাপারে তার ভাই রানা বলেন, ঢাকার বাংলামোটর থেকে রনিকে আটক করা হয়েছে। তবে কী কারণে, কোন মামলায় তাকে আটক করা হয়েচেহ সেটা জানা নেই। তার বিরুদ্ধে যেসব মামলা রয়েছে সেসব মামলায় সে জামিনে রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, রনির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে। সে একাধিক মামলার আসামি। এসব মামলায় তাকে তথ্য-প্রযুক্তির মাধ্যমে গ্রেফতার করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সিদ্ধিরগঞ্জ থানায় তাকে হস্তান্তর করা হয়েছে।
বার্তা বাজার/নব