খুলনার সাবেক এমপি সাহিদুর রহমান আর নেই

খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সাবেক সভাপতি শেখ সাহিদুর রহমান (৭০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার (২২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার ভাইয়ের ছেলে দিঘলিয়া উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুল ইসলাম আতিক এ তথ্য নিশ্চিত করেছেন।

আতিক জানান, গত মঙ্গলবার (১৭ আগস্ট) রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বাদ আছর দিঘলিয়া উপজেলার দেয়াড়া কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।

১৯৮৬ সালের জাতীয় নির্বাচনে খুলনা-৪ আসন থেকে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। শেখ সাহিদুর রহমান বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা, সেনহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, দিঘলিয়া সদর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান, বর্ষীয়ান রাজনীতিবিদ ও সমাজসেবক ছিলেন।

তার মৃত্যুতে দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মারুফুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোক জানিয়েছেন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর