বাবার লাশ নিয়ে ফেরার পথেই এলো মায়ের মৃত্যুর সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় হাসপাতাল থেকে বাবার লাশ নিয়ে বাড়িতে আসার পথে মায়ের মৃত্যুর খবর এলো। ৬ ঘণ্টার ব্যবধানে বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন তাদের সন্তানরা।

স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর এলাকার আলীয়াবাদ গ্রামের বড়বাড়ির বাসিন্দা সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার মো. আবুল কাসেম (৮১) শনিবার সকাল সাড়ে ৬টায় ও তার স্ত্রী খাদিজা বেগম (৭১) দুপুর ১২টায় করোনা আক্রান্ত হয়ে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (২১ আগস্ট) নবীনগরে আলীয়াবাদ দক্ষিণপাড়া কবরস্থান মাঠে আসরের নামাজের পর আবুল কাসেমের জানাজা শেষে সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর আলীয়াবাদ জামে মসজিদের পাশে তাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বাদ মাগরিব জানাজা শেষে খাদিজা বেগমকে স্বামীর পাশেই দাফন করা হয়েছে।

নবীনগর প্রেস ক্লাবের সাবেক সদস্য ছিলেন আবুল কাসেম ও খাদিজা বেগম। এই দম্পতি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নবীনগর প্রেস ক্লাব, বিভিন্ন সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, শিক্ষক সমাজসহ বিশিষ্টজনরা।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর