শিক্ষাপ্রতিষ্ঠান না খুললে আমরণ অনশনের ঘোষণা

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন রাজশাহীর শিক্ষার্থীরা। আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।

শনিবার (২১ আগস্ট) বেলা ১১টার দিকে সংবাদ সম্মেলনে বেসরকারি নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিশ্বের অনেক দেশে করোনার ভয়াবহ সংক্রমণ ছড়িয়েছে। কিন্তু বাংলাদেশের মতো দীর্ঘ সময় ধরে কোন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখেনি। শুধু বাংলাদেশ আত্মঘাতী সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে। আমরা অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবি জানাচ্ছি।’

ইশতিয়াক আহমেদ আরও বলেন, ‘আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দিলে ১ সেপ্টেম্বর থেকেই সাহেববাজার জিরোপয়েন্টে আমরণ অনশনে শুরু হবে।’

এ সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন রাজশাহী কলেজের শিক্ষার্থী জিন্নাত আরা সুমু। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহব্বত হোসেন মিলন, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী জান্নাতুল সাবিরা, নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষার্থী নাদিম সিনা প্রমুখ।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর