ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের দেওয়ান দীঘির পানিতে ডুবে এক শিশু মারা গেছে। শনিবার (২১ আগস্ট) দুপুর ১২ টায়্র দিকে এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম ওয়াহিদ (০২)। সে উপজেলা সদরের বনিকপাড়ার খোকন মিয়ার ছেলে।
মৃত ওয়াহিদের পিতা খোকন মিয়া জানান, শনিবার দুপুরে ওয়াহিদের মা ইয়াসমিন বেগম পারিবারিক কাজে ব্যস্ত থাকা অবস্থায় ওয়াহিদ বাড়ির পাশেই খেলা করছিল। পরবর্তীতে প্রায় আধা ঘন্টা ধরে খোঁজাখুজি করেও ওয়াহিদের কোনো সন্ধান পাওয়া যায়নি। একপর্যায়ে বাড়ির পাশে অবস্থিত দেওয়ান দীঘির পানিতে একটি শিশু ভেসে থাকতে দেখেন স্বজনরা।
এ সময় উদ্ধারকৃত শিশুটিকে সনাক্ত করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আকস্মিক পানিতে ডুবে শিশু ওয়াহিদের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। শিশু সন্তানকে হারিয়ে ওয়াহিদের পিতা খোকন মিয়া ও মাতা ইয়াসমিন বেগমসহ স্বজনদের কান্নায় এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।
সন্তোষ চন্দ্র/বার্তা বাজার/এসজে