মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফায় রিমান্ড শেষে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টা ৪৯ মিনিটে তৃতীয় দফায় একদিনের রিমান্ড শেষে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয় পরীমনিকে।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। শুনানি শেষে এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) তৃতীয় দফায় পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম।
গত ৫ আগস্ট পরীমনির চারদিন ও ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ মামলায় গত ১৩ আগস্ট পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যায় তাকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়।
এরপর ১৬ আগস্ট পরীমনির ৫ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা। পরে আদালত বৃহস্পতিবার শুনানির দিন ধার্য করে এবং শুনানি শেষে পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র্যাব। এ ঘটনায় পরের দিন র্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।
বার্তা বাজার/নব