খুলনা বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৯০৩ জনে।
নতুন করে এ বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২১১ জনের। খুলনা বিভাগের ১০ জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৬ হাজার ২৩৩ জনের।
এর আগে গতকাল শুক্রবার (২০ আগস্ট) এ বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু হয়েছিল। আর করোনা শনাক্ত হয়েছিল ৩৯৬ জনের।
শনিবার (২১ আগস্ট) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডাক্তার জসিম উদ্দিন হাওলাদার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত করোনায় ১৩ জন মারা যান। এদের মধ্যে কুষ্টিয়ায় সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন। এছাড়া খুলনায় চারজন, যশোরে দুইজন, মাগুরায় একজন ও মেহেরপুরে একজন মারা গেছেন।
উল্লেখ্য, গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের চুয়াডাঙ্গায় প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। এ বিভাগে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯১ হাজার ৫২৩ জন।
বার্তা বাজার/নব