২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার জন্য আবারও তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, একটি সরকারের সহযোগিতা ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর তৎকালীন বিএনপি সরকার বিভিন্ন আলামত নষ্ট করে দিয়েছিল।
শনিবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, গ্রেনেড হামলার সঙ্গে একজন কারারক্ষী জড়িত ছিল। ওই রাতেই খালেদা জিয়া চারজনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিল।
শেখ হাসিনা বলেন, যারা গণতন্ত্রের কথা বলে, এটা কিসের গণতন্ত্র। একটা প্রকাশ্য জনসভায় কীভাবে আর্জেস গ্রেনেড মারতে পারে?
তিনি বলেন, শোনা যায় বঙ্গবন্ধুর খুনি কর্নেল রশিদ ও ডালিম ওই ঘটনার আগে ঢাকায় এসেছিলেন। খালেদা জিয়ার তত্ত্বাবধানে তারা তারেক রহমানের আশ্রয়ে ছিলেন। যখন শুনেছে আমি বেঁচে আছি, তখন তারা দেশত্যাগের সিদ্ধান্ত নেয়।
সরকারপ্রধান বলেন, বাবার পথ ধরেই এ দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। বেশ কয়েকবার মুত্যুর সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছে। অনেক বাধা অতিক্রম করে এসেছি। এখন আমার কাজ হলো এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
তিনি আরও বলেন, আমার ওপর বারবার হামলা হয়েছে। আমি বেঁচে আছি। আল্লাহ হয়তো আমাকে কোনো কাজ শেষ করার জন্য বাঁচিয়ে রেখেছেন।
বার্তা বাজার/নব