বেশ কয়েকবার মুত্যুর সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাবার পথ ধরেই এ দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। বেশ কয়েকবার মুত্যুর সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছে।
তিনি বলেন, অনেক বাধা অতিক্রম করে এসেছি। এখন আমার কাজ হলো এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো।
শনিবার (২১ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ২১ আগস্ট গ্রেনেড হামলার দিনে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, আমার ওপর বারবার হামলা হয়েছে। আমি বেঁচে আছি। আল্লাহ হয়তো আমাকে কোনো কাজ শেষ করার জন্য বাঁচিয়ে রেখেছেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের শান্তি সমাবেশে গ্রেনেড হামলার জন্য তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারকে দায়ী করে তিনি বলেন, সরকারের সহযোগিতা ছাড়া ২১ আগস্ট গ্রেনেড হামলার মতো ঘটনা ঘটতে পারে না। ঘটনার পর তৎকালীন বিএনপি সরকার বিভিন্ন আলামত নষ্ট করে দিয়েছিল।
তিনি আরও বলেন, গ্রেনেড হামলার সঙ্গে একজন কারারক্ষী জড়িত ছিল। ওই রাতেই খালেদা জিয়া চারজনকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলেন। তাদের মধ্যে ওই কারারক্ষীও ছিল।
বার্তা বাজার/নব