আরব আমিরাতে বাংলাদেশ সমিতির শোক দিবস পালন

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ সমিতি ইউএই’র উদ্যোগে বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুদাবিতে শুক্রবার (২০ আগষ্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ সমিতির অফিসে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর।

বিশেষ অতিথি ছিলেন মিশন উপপ্রধান মিজানুর রহমান, আবদুল আলিম মিয়া (কাউন্সিলর শ্রম), মোছাম্মৎ লুৎফুর নাহার নাজিম (কাউন্সিলর শ্রম), মোঃ সাঈফুল ইসলাম(প্রথম সচিব, পাসপোর্ট ও ভিসা), এস এম মাজহারুল ইসলাম(৩য় সচিব), আবুদাবি বাংলা স্কুলের সাবেক অধ্যক্ষ এবং বর্তমান উপদেষ্টা মীর আনিসুল হাসান, বাংলাদেশ সমিতির যুগ্ন সম্পাদক প্রকৌশলী আশিষ বড়ুয়া।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমিতির সদস্য শওকত আকবর,সরোয়ার, প্রিয়াঙ্কা শারমিন, মাহবুব খন্দকার, জাকির হোসেন জসিম, মঈনুদ্দীন, শামসুল হক মিজান, তপন সরকার, আমিরুল হাসান প্রমুখ।

সংযুক্ত আরব আমিরাত বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মমতাজুল ইসলাম। কোরআন তেলোয়াত শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবু জাফর বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুকে স্মরণ বলেন, বঙ্গবন্ধু ছিলেন সারা বাংলাদেশের পিতা, যিনি
সবসময় চেয়েছেন বাংলার মানুষ যেন তিনবেলা মাছেভাতে খেয়ে বেঁচে থাকতে পারে। বঙ্গবন্ধু বাংলার মানুষকে পূর্ণ স্বাধীনতা এনে দেওয়ার জন্য নিজের জীবন দিয়েছেন। বাংলাদেশ যখন পাকিস্তান থেকে বিজয় লাভ করে তখনও তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীকে প্রস্তাব দিয়েছেন যেন সম্মিলিতভাবে রাষ্ট্র উন্নয়নের কাজ করেন। দক্ষিণ এশিয়ার উন্নয়ন চাইলে সকল দেশকে একসাথে কাজ করতে হবে। বঙ্গবন্ধু কোনো দেশের সাথে শত্রুতা থাকুক সেটা কখনো চাননি।

তিনি বলেন, আজকে বঙ্গবন্ধুর নাম বিক্রি করে নামে বেনামে অনেক সংগঠন গড়ে উঠেছে। যারা বঙ্গবন্ধুকে ভালবাসেনা তাদের মুখেও আজ বঙ্গবন্ধুর গুণগান। মানুষ আজ পদ পদবীর জন্য বঙ্গবন্ধুর নামকে ব্যবহার করছে।

মিশন উপ প্রধান মিজানুর রহমান বলেন, বঙ্গবন্ধু এবং প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়ন করতে প্রবাসীদের জন্য তারা কাজ করে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন অঞ্চলে অঞ্চলে বাংলাদেশিদের জন্য দূতাবাস সার্ভিস চালু করেন। আমিরাত প্রবাসীদের যে কোন প্রয়োজনে দূতাবাস সবসময় আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে বলে তিনি জানিয়েছেন।

বাংলাদেশ সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন বলেন, বাংলাদেশ উন্নয়নের যে ধারা তা অব্যাহত রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশকে এগিয়ে নিতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা দরকার। আরব আমিরাত বাংলাদেশি প্রবাসীদের জন্য বাংলাদেশ সমিতি সবসময় পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

আলোচনা শেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের নিয়ে নৈশভোজ করেন বাংলাদেশ সমিতির নেতৃবৃন্দ।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর