মহানগর আ’লীগ নেতাকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ
বরিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাইয়েদ আহমেদকে সাদা পোশাকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (২০ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর শীয়া মসজিদ এলাকায় তার বোনের বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন মান্নার বোন আসমা আক্তার।
সম্প্রতি বরিশালে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার ২ নাম্বার আসামি মান্না।
বুধবার (১৮ আগস্ট) দিনগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুইর রহমানের বাসভবনে হামলাকে কেন্দ্র করে পুলিশ ও আনসারের সাথে সংঘর্ষে লিপ্ত হয় আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এসময় আওয়ামী লীগ ও তাদের বিভিন্ন সংগঠনের অন্তত ৩০ জন আহত হন।
পাশাপাশি বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহও আহত হন বলে দাবি করা হয়। এছাড়া ২ আনসার ও ৩ পুলিশ সদস্যও আহত হন।
এ ঘটনায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে প্রধান আসামি করা হয়েছে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র সাদিক আব্দুল্লাহকে। মামলায় দ্বিতীয় আসামি শেখ সাইয়েদ আহম্মেদ মান্না।
বার্তা বাজার/এসজে