প্রতিশ্রুতি ভেঙে সাংবাদিক হত্যা করছে তালেবান!

কাবুল বাদেও অন্যান্য অঞ্চলে সাংবাদিকদের চিহ্নিত করে খুঁজে বের করছে তালেবান। এ পর্যন্ত বেশ কয়েকজন সাংবাদিকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

তালেবান বেশ কয়েকদিন ধরেই ডিডাব্লিউ-এর তিনজন সাংবাদিককে খুঁজছে। তাদের সন্ধানে বিভিন্ন বাড়িতে নিখুদ তল্লাশি চালানো হচ্ছে। তেমনই একটি বাড়িতে ঢুকে সাংবাদিককে খুঁজে না পেয়ে তার পরিবারের এক সদস্যকে হত্যা করা হয়। গুরুতর আহত হয়েছেন আরো এক সদস্য। বাকি সদস্যরা তালেবান পৌঁছানোর আগেই পালিয়ে যেতে পেরেছিলেন।

খবর পাওয় গেছে, গত কয়েকদিনে বেশ কয়েকজন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার মধ্যে একটি রেডিও স্টেশনের প্রধান তুফান ওমরকে গুলি করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। দুইজন অনুবাদককেও হত্যা করা হয়েছে। তারাও জার্মানির একটি সংবাদপত্রে নিয়মিত লিখতেন। এর আগে পুলিৎজার জয়ী ভারতীয় ফোটোগ্রাফার দানিশ সিদ্দিকিকেও হত্যা করেছিল তালেবান।

দিনকয়েক আগে কাবুলে প্রথম সাংবাদিক সভা করেছিল তালেবান। সেখানে বলা হয়েছিল যে, যারা বিদেশিদের সাথে কাজ করেছেন, তাদের উপর অত্যাচার করা হবে না। প্রতিশোধ নেওয়া হবে না। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন বার্তা দিচ্ছে। স্থানীয় মানুষের অভিযোগ, রীতিমতো তালিকা তৈরি করে বাড়ি বাড়ি তল্লাশি চালানো হচ্ছে। একের পর এক হত্যার ঘটনা ঘটছে। যত দিন যাবে, এ ধরনের হত্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর