বরিশালে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় ‘ব্যর্থ রাষ্ট্রের লক্ষণ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘‘জনগণের সঙ্গে আওয়ামী লীগের কোনও সম্পর্ক নেই, জনগণ থেকে বিচ্ছিন্ন। এজন্যে এখন নির্বাচিত প্রতিনিধি বলতে তারা যা বুঝাচ্ছে, সেই ধরনের লোকগুলো আওয়ামী লীগের, তাদের সঙ্গে প্রশাসনের সম্মুখ যুদ্ধ শুরু হয়েছে।’
শুক্রবার (২০ আগস্ট) ভার্চুয়াল এক বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
‘ব্যারিস্টার আবদুস সালাম তালুকদার স্মৃতি সংসদ’ এর উদ্যোগে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ২২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই ভার্চুয়াল আলোচনা সভা হয়। ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের কর্মময় জীবন থেকে শিক্ষা নিয়ে চলমান গণতান্ত্রিক আন্দোলন সামনের দিকে এগিয়ে যাওয়ার শপথ নিতে নেতা-কর্মীরদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব ফখরুল বলেন, ‘শুধু একটি জায়গা না, শুধু বরিশাল না। ইতোপূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি যে, প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের যারা দায়িত্বে আছেন, তাদের একটা সংঘর্ষ হচ্ছে, সংঘাত হচ্ছে। এটা একটা লক্ষণ যে, বাংলাদেশ বর্তমানে রাষ্ট্র হিসেবে যে ব্যর্থ হচ্ছে,এটা তার লক্ষণ।’
এই অবস্থায় থেকে উত্তরণে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আজকে যেটা প্রয়োজন, আমাদের নেতা যিনি নির্বাসিত অবস্থায় বহু দূরে অবস্থান করছেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের নেত্রী তিনি আজকে এখনও পর্যন্ত বন্দি অবস্থায় আছেন। তাকে মুক্ত করা, নেতাকে দেশে ফিরিয়ে আনা, দেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করা, সেই লক্ষ্যে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, দলকে ঐক্যবদ্ধ হতে হবে।’
বার্তা বাজার/এসবি