শুরু হলো পদ্মা সেতুতে গ্যাস লাইন স্থাপনের কাজ

পদ্মা সেতুতে এবার গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ শুরু হলো। সড়ক এবং রেলপথের পর ৬.৫ কিলোমিটার সেতুর নিচতলায় রেলপথের পাশেই গ্যাস পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে যে, নির্বিঘ্নে দ্রুত গতিতে পদ্মা বহুমুখী সেতুর কাজ এগিয়ে যাচ্ছে। সেতু দিয়ে দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের কর্মযজ্ঞও শুরু হয়ে গেছে। সাড়ে পাঁচ টন ওজনের গ্যাসপাইপ ক্রেন দিয়ে তুলে সেতুর নিচতলায় রেল লাইনের পূর্ব পাশে বসানো হচ্ছে।

সংবাদমাধ্যমকে পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আফজাল হোসেন জানান, গ্যাস পাইপলাইন সেতুর ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে। যুক্ত হবে জিটিসিএলের সাব স্টেশনে। দুই প্রান্তে থাকবে দু’টি সাব স্টেশন।

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ হয়ে লাঙ্গলবন্দ থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর হয়ে এই গ্যাস যুক্ত হবে মাওয়া গ্যাস সাব স্টেশনে। এখান থেকেই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলে।

প্রকল্পের কন্সট্রাকশন ম্যানেজার ফয়সাল আহমেদ সাংবাদিকদের বলেন, এটি অনেক জটিল কাজ। তবে আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

বার্তা বাজার/এসবি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর