ময়মনসিংহে আওয়ামী লীগের দুই নারী নেত্রীর নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২০ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলন করে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন্নাহার লাকী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লুৎফুন্নাহার লাকী বলেন, একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি এবং আমার বোন স্বপ্না খন্দকার ও রাজনৈতিক বিশিষ্ট নেতাদের ছবি ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। অপপ্রচারের কারণে আমার পরিবারসহ রাজনৈতিক উচ্চপদস্থ নেতারা বিব্রত।
ছাত্রলীগের রাজনীতি দিয়ে শুরু আজ আমি জেলা আওয়ামী লীগের সদস্য হয়েছি। আমার পরিবারও দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত। আওয়ামী লীগ করতে গিয়ে আমাদের অনেক ত্যাগ রয়েছে। আমরা সাধারণ জীবন যাপন করি। বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী বলেই আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার চালানো হচ্ছে। আমি মনে করি এসব করে নারীর অধিকার খর্ব করা হচ্ছে।
ঐ সময় তিনি অপপ্রচার কারীদের বিরুদ্ধে কঠোর বিচার দাবি করেন। এ ঘটনায় আদালতে মামলা করার প্রস্ততি চলছে বলে জানান এ নারী নেত্রী।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ শাহ কামাল আকন্দ বলেন, বিষয়টি মৌখিক ভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নাজমুস সাকিব/বার্তা বাজার/টি