চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে তাজিয়া মিছিল!
চট্টগ্রামে নিষেধাজ্ঞা অমান্য করে তাজিয়া মিছিল বের করেছে শিয়া সম্প্রদায়ের লোকজন। শুক্রবার (২০ আগস্ট) বিকালে বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বায়েজিদ থানার শেরশাহ এলাকা থেকে আসরের নামাজের পর তাজিয়া মিছিল বের করে শিয়া সম্প্রদায়ের লোকজন। সেটা বায়েজিদ-হাটহাজারী সড়কে উঠতেই পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ মিছিলে বাধা দিলে শিয়া সম্প্রদায়ের লোকজন সড়ক অবরোধ করে রাখে। ফলে ব্যস্ততম এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
যদিও ঘণ্টা খানেক পর মিছিল নিয়ে তারা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে পুলিশের নীরবতায় নিষেধাজ্ঞা সত্ত্বেও খুলশী থানার ঝাউতলায় বিশাল তাজিয়া মিছিল বের করে ওয়ারল্যাস কলোনির শিয়া সম্প্রদায়ের লোকজন। বিকেলে বের হওয়া মিছিলটি নানা সাজে সজ্জিত ছিল। যেটি ওই এলাকার সড়কগুলো প্রদক্ষিণ করে। তবে তাদের অবশ্য বায়জিদের মত পুলিশের বাধারমুখে পড়তে হয়নি।
যদিও এর আগে ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাজিয়া মিছিল নিষিদ্ধ করে বিজ্ঞপ্তি দিয়েছে। এছাড়া এ সংক্রান্ত নির্দেশনা শিয়া সম্প্রদায়ের নেতাদের পাঠানো হয়েছে বলে সিএমপি জানিয়েছে।
সিএমপির উপ-কমিশনার (এসবি) মনজুর মোরশেদ জানিয়েছিলেন, করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর এলাকার পবিত্র আশুরা উপলক্ষে সব ধরনের তাজিয়া, শোক মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে। তাতে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তা দেবে। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন এবং আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
উল্লেখ্য, কারবালা প্রান্তরে হজরত মুহাম্মদ (সাঃ) এর দৌহিত্র ইমাম হোসেন (রাঃ) এর শাহাদত বরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত শিয়ারা বিশেষভাবে আশুরা পালন করে থাকে।
মুহাম্মাদ হুমায়ুন চৌধুরী/বার্তা বাজার/টি