লকডাউনের পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে। উপজেলার বইলর বড় পুকুরপাড় এলাকাতেই গেলো সপ্তাহে ৫ টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছে ৭ জন, আহত হয়েছে অন্তত অর্ধশত।
শুক্রবার (২০ আগস্ট) জুম্মার নামাজ শেষে বইলর বড়পুকপাড় জামে মসজিদের সামনে মহাসড়কে দাঁড়িয়ে বিশেষ দোয়া মাহফিল করেছেন স্থানীয়রা। এ কর্মসূচিতে অংশ নেন গ্রামের শতাধিক মানুষ। এর আগে সকালে কুরআন খতম দেওয়া হয়।
গত ২৪ আগস্ট শনিবার রাতে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বোঝাই ট্রাকের পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে ৬ জন নিহতের ঘটনা ঘটে। আহত হয় ২০ জন। পরদিন রাতে একই স্থানে দুটি ড্রাম ট্রাকের সংঘর্ষ হলে ১ জনের মৃত্যু হয়। একই স্থানে আরও ৩টি দুর্ঘটনা ঘটে। সড়কে ক্রমাগত দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে স্থানীয়রা কুরআন খতম ও দোয়ার আয়োজন করে।

এ কর্মসূচির উদ্যোগতারা বার্তাবাজারকে জানান, এলাকাটিতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে। এলাকার মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। এজন্য আল্লাহ যেন আমাদের এসব দুর্ঘটনা থেকে সবাইকে রক্ষা করেন সেজন্য কুরআন খতম ও দোয়ার আয়োজন করা হয়েছে।
দোয়ায় অংশ নেয়া কয়েকজন বার্তাবাজারকে জানান, সড়ক দুর্ঘটনা রোধে ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কেউ যথাযথ দায়িত্ব পালন করছেনা। এতে দুর্ঘটনা রোধ করা যাচ্ছে না। তাই এর প্রতিকারের জন্য সৃষ্টিকর্তার কাছেই ফরিয়াদ জানালাম।
নাজমুস সাকিব/বার্তা বাজার/টি