করোনা পরিস্থিতির উন্নতি, হাসপাতালে ফাঁকা বেড

হাসপাতালে করোনা রোগীর চাপ কমেছে।

দেশের করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। দেশে করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে চলতি বছরের জুলাইয়ে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। তবে এবার করোনা সংক্রমণ কমতে শুরু করেছে।

রাজধানীর হাসপাতালগুলোতে নতুন রোগী ভর্তি হচ্ছে কম। হাসপাতালের আইসিইউ বেডসহ সাধারণ বেড ফাঁকা রয়েছে। সংক্রমণের উন্নতি হলেও মাস্ক পরিধান, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

মানুষের অবাধ চলাচলের কারণে সেপ্টেম্বরে করোনা পরিস্থিতি জুলাইয়ের চেয়েও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।

গত কয়েকদিনে করোনা সংক্রমণ ২০ শতাংশের নিচে রয়েছে। চলতি মাসের শুরু থেকেই সংক্রমণ ধীরে ধীরে কমছে। এছাড়া গত ১ সপ্তাহে দৈনিক মৃত্যু ২০০ এর নিচে রয়েছে।

জুলাইয়ে রাজধানীর হাসপাতালগুলো করোনায় আক্রান্ত রোগীতে ভর্তি ছিল। ছিল আইসিইউ সংকট ও বেড সংকট। তবে চলতি মাসে সংক্রমণ কমায় হাসপাতালে রোগের চাপ কমেছে, খালি রয়েছে আইসিইউ ও সাধারণ বেড।

করোনার সংক্রমণ উর্ধ্বমুখী হওয়ায় জুলাই থেকে পাঁচ সপ্তাহের জন্য দেশে কঠোর লকডাউন ছিল। তবে এরপর বিধিনিষেধ তুলে দেওয়ায় স্বাস্থ্যবিধি অমান্য অবাধে চলাচল করছে মানুষ। এতে সংক্রমণ আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রিদওয়ানউর রহমান বলেন, স্বাস্থ্যবিধি না মেনে মানুষ যেভাবে চলাচল করছে তাতে সেপ্টেম্বরে গিয়ে আবারও সংক্রমণ বেড়ে যেতে পারে।

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার খলিলুর রহমান বলেন, আগে যেখানে প্রতিদিন ৭০ থেকে ৮০ জন রোগী ভর্তি হতো। এখন সেই সংখ্যা ২-এর ঘরে।

বার্তা বাজার/নব

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *