কেরানীগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৪

রাজধানী ঢাকার কেরানীগঞ্জে ১৩ বছরের এক শিশু সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে চার জনকে গ্রেফতার করেছে র‍্যাব।

গ্রেফতারকৃতরা হলো, মোঃ শুভ (১৯), মোঃ ইসমাইল ওরফে কুট্টি (২২), মোঃ মুন্না (২১) ও মোঃ আখের খান (১৯)।
শুক্রবার (২০ আগস্ট) দুপুরে র‍্যাব বিষয়টি নিশ্চিত করে।

র‍্যাব জানায়, গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) আনুমানিক বিকাল সাড়ে ৪টা থেকে রাত সোয়া ১০টা পর্যন্ত র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকার দক্ষিন কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় অভিযান চালিয়ে ওই ৪ ধর্ষণকারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছে থাকা ৩টি মোবাইল জব্দ করা হয়।

র‍্যাব-১০এর এএসপি (অপ্স অফিসার) এনায়েত কবীর সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গত ১৯ আগস্ট আনুমানিক বিকাল ৪টার দিকে ঘটনার মূল হোতা ধর্ষক মোঃ শুভ (১৯) পূর্ব পরিকল্পনা মোতাবেক ভূক্তভোগী ওই শিশু (১৩)কে প্রেমের ফাঁদে ফেলে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ঝিলমিল আবাসিক এলাকায় নিয়ে যায়।

সেখানে পূর্ব পরিকল্পনা অনুযায়ী শুভ’র ৪ বন্ধুসহ ওই শিশুকে ঝিলমিল আবাসিক প্রকল্পের জঙ্গলে জোরপূর্বক নিয়ে যায়। ধর্ষণকারীরা ওই শিশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক পলাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে সে অসুস্থ হয়ে পড়লে ধর্ষণকারীরা তাকে নানা প্রকার ভয়ভীতি প্রদর্শন করে অসুস্থ অবস্থায় ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়ে যায়।

পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় ওই শিশুর আত্মীয়-স্বজনরা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যায়। ঘটনাটি জানার পর অধিনায়ক র‍্যাব-১০ এর নির্দেশে একটি আভিযানিক দল ধর্ষণকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে এবং তাদের অক্লান্ত চেষ্টায় ঘটনা ঘটার মাত্র ৬ ঘন্টার মধ্যে ওই ৪ ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে।

রানা আহমেদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর