অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি মোহাম্মদ মিঠুনের। এর আগে জিম্বাবুয়ে সফরেও টি-টোয়েন্টিতে খেলা হয়নি তার।
জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে দেশে ফেরার কথা ছিল মিঠুনের। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের আগে কোয়ারেন্টাইন জটিলতায় দলের সঙ্গে জিম্বাবুয়েতে থেকে যান মিঠুন। সেখানে ব্যাকআপ ক্রিকেটার হিসেবে ছিলেন তিনি।
জিম্বাবুয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে থাকলেও খেলা হয়নি তার। এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি তিনি। মিঠুনের জায়গা না পাওয়ার কারণ জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, আপাতত ওকে আমরা ওয়ানডে দলে রেখেছি। জিম্বাবুয়ে সফরে অনেক খেলোয়াড় টি-টোয়েন্টি সিরিজের আগে চলে আসার ওকে ব্যাকআপ হিসেবে রাখা হয়নি।
তিনি আরও বলেন, মিঠুন তো জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি স্কোয়াডে ছিল না। তখন থেকেই তাকে টি-টোয়েন্টির ভাবনায় ওরকমভাবে রাখিনি। এছাড়া তার পজিশনে আরও অনেক খেলোয়াড় আছে। তাদের সবাইকে নার্সিং করা হবে। যখন প্রয়োজন হবে তখন দলে নেওয়া হবে।
বার্তা বাজার/নব