আলফাডাঙ্গায় ইয়াবা-গাঁজা নিয়ে দম্পতিসহ আটক ৩

ফরিদপুরের আলফাডাঙ্গায় ইয়াবা ট্যাবলেট ও গাঁজা নিয়ে এক দম্পতিসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২০ আগস্ট) দুপুরে আটককৃতদের ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আটককৃতরা হলো, উপজেলার গাজীপুর গ্রামের আলামিন মোল্যা (২৮), পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার নড়াইল গ্রামের দম্পতি সুজন শেখ (২৬) ও শিউলি বেগম (২২)।

এর আগে শুক্রবার (২০ আগস্ট) আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আলফাডাঙ্গা থানার এসআই বিজয় গাইন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১২।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাজীপুর গ্রামের একটি রাস্তা থেকে প্রথমে আলামিন মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তার শরীর তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে আলামিন মোল্যাকে জিজ্ঞাসাবাদ করলে এবং ইয়াবা কার নিকট থেকে ক্রয় করেছে জানতে চাইলে ওই দম্পতির নাম প্রকাশ করে। তার দেওয়া তথ্যমতে ওইদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুজন শেখের নিজ বসতঘর তল্লাশি করে একটি ব্যাগে ৬০০ গ্রাম গাঁজা ও তার স্ত্রী শিউলি বেগমের হেফাজতে থাকা অপর আরেকটি ব্যাগ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ১০ হাজার ৮০ টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ওসি মো. ওয়াহিদুজ্জামান বার্তা বাজারকে জানান, ‘তারা পেশাদার মাদক বিক্রেতা। দীর্ঘদিন নিজ হেফাজতে রেখে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা পরস্পর যোগসাজশে বিক্রয় করে।’

মিয়া রাকিবুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর