ফেনী শহরের নাজির রোড এলাকার সুলতানা ভবন থেকে দুবাই প্রবাসী মোঃ সোহেল পারভেজ নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্বার করা হয়েছে। খবর পেয়ে শুক্রবার (২০ আগস্ট) সকালে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী এলাকায়। সে প্রবাস থেকে ফিরে স্ত্রী সন্তানসহ নাজির রোডের এই ভাড়া বাসায় বসবাস করতো।
এদিকে ঘটনার পর মধ্যরাত থেকেই তার স্ত্রী শিউলি আক্তার দুই সন্তানকে নিয়ে পলাতক রয়েছে।
সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, পূর্বের পারিবারিক বিরোধের জেরে রাতেই সোহেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তার স্ত্রী শিউলি আক্তার। পালানোর সময় বাবা মারা গেছেন বলে দারোয়ানকে জানান শিউলী।
ফাহাদ জানান, এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।
শুক্রবার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে পুলিশ। তবে এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি তারা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
এই দম্পতির মধ্যকার পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। শিউলি আক্তারকে গ্রেফতার করা গেলে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা যাবে বলে গণমাধ্যমকে জানান পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী।
কামরুল হাসান ছিদ্দিকি/বার্তা বাজার/এসজে