তালেবান বিদ্রোহীরা আফগানিস্তান দখলে নেওয়ার পরপরই দেশটি ছাড়তে শুরু করেছে বিদেশি নাগরিকরা। অন্যান্য দেশের মত আফগানিস্তানে আটকা পড়েছেন ২৭ বাংলাদেশি। তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
দেশটির সবচেয়ে বড় মোবাইল ফোন প্রতিষ্ঠানটিতে কর্মরত সাত বাংলাদেশি প্রকৌশলী কাবুলে রয়েছেন।
অন্যান্যদের মধ্যে আছেন ব্র্যাকের ছয় জন কর্মী, তাবলিগে অংশ নেওয়া ছয় জন, তিন জন কয়েদি, দুই জন একটি জার্মান কোম্পানিতে কর্মরত, দুই জন আফগান স্যুয়ারেজ কোম্পানিতে কর্মরত এবং আরেকজন বেসরকারি খাতে কর্মরত।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে এ তথ্য জানান উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জাহাঙ্গির আলম।
তিনি বলেন, আটকা পড়াদের মধ্যে ১৮ জন কাবুলে আছেন, পাকিস্তান সীমান্তবর্তী জালালাবাদ শহরে আছেন তাবলিগের ছয় জন এবং মাজার-ই-শরিফে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত এক বাংলাদেশি রয়েছেন। তিন জন কয়েদির একজন কাবুলে রয়েছেন এবং বাকি দুই জনের খবর এখনও জানা যায়নি।
জাহাঙ্গীর আলম বলেন, আফগানিস্তানে বাংলাদেশের কোনো দূতাবাস নেই। উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস সমদূরবর্তী মিশন হিসেবে আফগানিস্তানে কাজ করে থাকে।
তিনি আরও বলেন, আটকে পড়া বাংলাদেশিরা উজবেকিস্তান হয়ে দেশে ফিরতে পারবে। তারা ভিসা জটিলতায় পড়বেন না। দেশটি ট্রানজিট ভিসার নিশ্চয়তা দিয়েছে।
বার্তা বাজার/নব