মদপান করে ৩ বন্ধুর মৃত্যু

টাঙ্গাইলের দেলদুয়ারে বিষাক্ত মদ পান করে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত আটটার দিকে উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন, উপজেলার সানবাড়ি গ্রামের মৃত জুলহাসের ছেলে মুদি দোকানদার নাসিম (৩২), কাশেম মিয়ার ছেলে অটোচালক আক্কাস (৩২) এবং পাছ এলাসিন গ্রামের বাবুল হোসেনের ছেলে পল্লী চিকিৎসক পারভেজ (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় নিহত নাসিম তার অপর দুই বন্ধুকে নিয়ে তার দোকানে বসে মদ পান করে। এ সময় তারা গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়টি নিশ্চিত করে দেলদুয়ার থানার ওসি সাজ্জাত হোসেন বলেন, নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাসান সিকদার/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর