রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আগামী ১৯ সেপ্টেম্বর দেশটির জাতীয় সংসদ ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা’র ভোট হওয়ার কথা।
নির্বাচন কমিশন (ইসি) সূত্রে জানা গেছে, চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর এ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের আগে ১৬ সেপ্টেম্বর দেশ ত্যাগ করবেন সিইসি নূরুল হুদা। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর ভোট পর্যবেক্ষণ শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি। এই সফর একটি দাপ্তরিক সফর বলে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে।
তার এই সফর নিয়ে বৃহস্পতিবার (১৯ আগস্ট) চিফ অ্যাকউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসারকে একটি চিঠি পাঠান নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব মো. শাহ আলম।
চিঠিতে বলা হয়েছে, ‘সফরে সিইসির সঙ্গে পিএস মো. একেএম মাজহারুল ইসলাম থাকবেন। এটি একটি অফিসিয়াল সফর। এই সময়ে তারা সব ভাতা পাবেন দেশীয় মুদ্রায়। থাকা-খাওয়া ও স্থানীয় যাতায়াত ব্যয়ভার বহন করবে রাশিয়ার নির্বাচন কমিশন। তবে, বিমান ভাড়া বহন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।’
বার্তা বাজার/এসবি