ইউএনওর বাসায় হামলা: ২ মামলাতেই প্রধান আসামি মেয়র সাদিক আব্দুল্লাহ
বরিশালে ইউএনওর বাসায় গতকাল বুধবার হামলার ঘটনা ঘটে। ইউএনওর বাসায় হামলার ঘটনা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে দায়ের হওয়া আলাদা দুই মামলাতেই প্রধান আসামি করা হয়েছে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে। বরিশাল সদর উপজেলার ইউএনও মুনিবুর রহমান এবং পুলিশের এক এস আই শাহজালাল মল্লিক বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় আলাদা দুইটি মামলা দায়ের করেন।
এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলাম। ইউএনও মামলাটি করেছেন তার বাসভবনে হামলার অভিযোগে, অপরদিকে পুলিশের তরফ থেকে সরকারি কাজে বাধা প্রদান ও হত্যার উদ্দেশে আঘাত করে গুলিবর্ষণের অপরাধে মামলা করা হয়েছে।
দায়ের করা মামলা দুইটিতে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন, বরিশাল জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাজ্জাদ সেরনিয়াবাত, আতিকুল্লাহ মুনিম, মান্না, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস, ২১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ, মহানগর ছাত্রলীগ নেতা অনিক সেরনিয়াবাত, রইজ আহম্মেদ মান্না প্রমুখ।
বার্তা বাজার/এসবি