রাজশাহীতে নকল ফোনসহ সুন্দরবন কুরিয়ারের কর্মচারী গ্রেফতার
রাজশাহী নগরীতে বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের লক্ষাধিক টাকার ১৫ টি নকল মোবাইল ফোনসহ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের এক কর্মচারীকে আটক করা হয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) এর ডিবি এই ফোন জব্দসহ আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ফিরোজাবাদ সপুরার মৃত আবু তাহেরের ছেলে শহিদুল ইসলাম (৩৩)।
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল এর সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজশাহীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া সাহেব বাজার শাখার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের কর্মচারী আসামী শহিদুল ইসলামকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ১৫ টি নকল মোবাইল ফোন উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামি জিজ্ঞাসাবাদে জানায়, তার অপর সহযোগী আসামি রাজিবের সহায়তায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসে চাকুরীর অন্তরালে বিভিন্ন ব্যক্তিদের নিকট নামিদামি ব্র্যান্ডের মোবাইল ফোন প্রতারণামূলক ভাবে বিক্রি করে থাকে।
পলাতক আসামীকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মাহাবুল ইসলাম/বার্তা বাজার/টি