নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা, বাদ মিঠুন

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিলেন না মুশফিকুর রহিম ও লিটন দাস। তারা দুইজনই দলে ফিরেছেন। বাবার মৃত্যুর শোক সামলে ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

এদিকে দলে জায়গা পাননি মোহাম্মদ মিঠুন। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে থাকলেও কোনো ম্যাচ খেলা হয়নি মিঠুনের। এবার নিউজিল্যান্ড সিরিজের দলেই জায়গা হয়নি তার।

আসন্ন এই সিরিজকে সামনে রেখে আগামী ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসবে নিউজিল্যান্ড। এরপর ১ সেপ্টেম্বর সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুইদল। সিরিজের বাকি চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: মাহমুদউল্লাহ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর