ময়মনসিংহ মেডিকেলে দেড় মাসে সর্বনিম্ন মৃত্যু, কমেছে রোগীও
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত দেড় মাসে সর্বনিম্ন মৃত্যু, কমেছে ভর্তিকৃত রোগীর সংখ্যাও। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৭ জনের। হাসপাতালটিতে গত এক মাস ১২ দিন পর সর্বনিম্ন এই সংখ্যক মৃত্যু হয়েছে। এদের মধ্যে তিনজন করোনা শনাক্ত হয়ে এবং উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও চার জন।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।
তিনি জানান, বুধবার সকাল ৮ টা থেকে বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে করোনায় মারা যাওয়া তিনজনের মধ্যে দুইজন ময়মনসিংহ ও একজন জামালপুরের বাসিন্দা। ওই সময়ের মধ্যে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনের মধ্যে ময়মনসিংহের তিনজন ও নেত্রকোনার একজন রয়েছেন।
ডা. মুন আরও জানান, করোনা ইউনিটে গত এক সপ্তাহ ধরেই কমতে শুরু করেছে রোগীর সংখ্যা। ৪০২ শয্যার এ ইউনিটটিতে বর্তমানে রোগী ভর্তি আছেন ২৮৬ জন। এর মধ্যে ২২ জন আইসিইউতে আছেন। ওই সময়ে নতুন রোগী ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪২ জন।
এদিকে জেলায় একদিনে ৯৯৩ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনার উপস্থিতি শনাক্ত হয় ১৮৭ জনের শরীরে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮.৮৩ শতাংশ বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম।
নাজমুস সাকিব/বার্তা বাজার/এসজে