শিক্ষার্থীদের সব ফি মওকুফের দাবি ইবি ছাত্র মৈত্রীর

ছবি-বার্তা বাজার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পরীক্ষা শুরুর আগেই পরিবহনসহ সকল ফি মওকুফের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সংগঠনটির দপ্তর সম্পাদক আশিকুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ পাপ্পু এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, প্রায় দেড় বছর থেকে ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা হলে অবস্থান এবং পরিবহন সেবা গ্রহণ করেনি। গত ২৮ জুন, ২০২১ উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে ছাত্র মৈত্রী। পরে উপাচার্য ও কোষাধ্যক্ষ বিষয়টি যৌক্তিক দাবি বলে আখ্যায়িত করে শিগগিরই সিদ্ধান্ত জানাবেন বলে আশ্বস্ত করেন। হল ও পরিবহন ফি মওকুফের দাবিতে স্মারকলিপি প্রদানের ৫০ দিন অতিবাহিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি।

এতে আরও বলা হয়, গত ১৭ আগস্ট (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে শিক্ষার্থীদের সকল প্রকার ফি সম্পূর্ণ প্রদানের নির্দেশনা দেয়া হয়েছে। পরীক্ষার আনুষ্ঠানিকতা শুরুর পূর্বে অনতিবিলম্বে হল, পরিবহন ও সকল প্রকার বিভাগীয় ফি মওকুফের ঘোষণার দাবি জানাচ্ছে শাখা ছাত্র মৈত্রী।

বিবৃতিতে ছাত্র মৈত্রীর নেতৃবৃন্দ বলেন, মহামারি করোনায় শিক্ষার্থীদের অর্থনৈতিক অবস্থা ক্ষত-বিক্ষত। দেড় বছর হল ও পরিবহন ব্যবহার না করার পরেও ফি আদায় করা সম্পূর্ণ অযৌক্তিক। অনতিবলম্বে হল, পরিবহন ও সকল প্রকার বিভাগীয় ফি মওকুফ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তি প্রকাশ করবে বলে আমরা আশা করি। অন্যথায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা কঠোর আন্দোলনের পথে ধাবিত হতে বাধ্য হবে বলেও এতে উল্লেখ করা হয়।

মোস্তাফিজ রাকিব/বার্তা বাজার/এসজে

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *