আবারও রিমান্ডে পরীমনি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির তৃতীয় দফায় একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

এদিন সকাল সাড়ে আটটার দিকে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। এ সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।

এরপর সাড়ে ১১টার দিকে আদালতের কাঠগড়ায় নেয়া হয় পরীমনিকে। কাঠগড়ায় উঠে অঝোরে কাঁদতে থাকেন পরীমনি।

এর আগে গত সোমবার (১৬ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা আসামি পরীমনির ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

এরপর ৫ আগস্ট পরীমনির চারদিন ও ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফায় রিমান্ড শেষে ১৩ আগস্ট তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর