কাঠগড়ায় অঝোরে কাঁদলেন পরীমনি

রাজধানীর বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনির তৃতীয় দফায় রিমান্ড শুনানি আজ।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে আনা হয়। এরপর সাড়ে ১১টার দিকে আদালতের কাঠগড়ায় নেয়া হয় পরীমনিকে। কাঠগড়ায় উঠে অঝোরে কাঁদতে থাকেন পরীমনি।

এর আগে পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করে রাখা হয় আদালতের হাজতখানায়।

বুধবার (১৮ আগস্ট) পরীমনিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে আনা হলে তাকে তৃতীয় দফায় ৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করে সিআইডি। পরে আদালত বৃহস্পতিবার এ বিষয়ে শুনানির দিন ধার্য করেন।

এর আগে গত সোমবার (১৬ আগস্ট) পরীমনির জামিন আবেদন করেন তার আইনজীবী মজিবুর রহমান। পরে আদালত শুনানির জন্য বুধবার দিন ধার্য করেন।

গত ৪ আগস্ট (বুধবার) পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‍্যাব। এ ঘটনায় পরের দিন র‌্যাব বাদী হয়ে বনানী থানায় পরীমনির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করে।

এরপর ৫ আগস্ট পরীমনির চারদিন ও ১০ আগস্ট দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দুই দফায় রিমান্ড শেষে ১৩ আগস্ট তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর