পূর্ব শত্রুতার জেরে দোকানে অগ্নিসংযোগের অভিযোগ

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের চারটি দোকান পূর্বশত্রুতার জেরে দুর্বৃত্তরা পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস আনুমানিক ২ লক্ষ টাকার মালামাল উদ্ধার করে। এসব দোকানে ৫টি পণ্যের পরিবেশক ও একটি কীটনাশক রিটেইলার ছিল।

বুধবার (১৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে ।

পরিবেশক ও রিটেইলারের মালিক ভুক্তভোগী মোঃ আশরাফ আলী বলেন, পূর্বশত্রুতার জেরে আমার ৩০ লক্ষ টাকার কীটনাশক পুড়িয়ে দিয়েছে। আমি এখন নিঃস্ব। আমি পরিবেশক হিসেবে পাঁচটি কোম্পানির সাথে যুক্ত ছিলাম।

তিনি আরও জানান, ইনতেফা, সেমকো, রিকো, এগ্রো এরোনা, এমকো ও রিটেইলার হিসেবে সিনজেনটার কীটনাশক পণ্যের ব্যবসা করতাম। গতকাল রাতে ১৪ লাখ টাকার মাল নিয়ে এসেছি আর আজ রাতে সব পুড়ে ছাই হয়ে গেল।

জানা যায়, তিনটি দোকান ঘরের সাথে থাকা দরিদ্র সেলুন কর্মকার লগনের দোকান ঘর পুড়ে ২০ হাজার টাকা ক্ষতি হয়েছে।

এ বিষয়ে ভাটগ্রাম ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আমি ফোনে শুনেছি বিষয়টি। তবে বিস্তারিত জানা হয়নি।

নন্দীগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা তানভীর হাসান বলেন, রাত ২ টায় খবর পেয়ে সেখানে পৌঁছাই। আমাদের ইউনিট কাজ করে অনেক মালামাল উদ্ধার করে। তবে তদন্ত সাপেক্ষে কত ক্ষতি হয়েছে তা বলা যাবে।

এ বিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, আমরা বিষয়টা জানার পরে পুলিশ ফোর্স পাঠিয়েছিলাম। সরেজমিনে দোকান পুড়ে যাওয়ার ঘটনা জানা যায়। এই বিষয়ে থানায় ডায়েরি করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিব।

নাজমুল হাসান/বার্তা বাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর