পুলিশের সঙ্গে আ.লীগের সংঘর্ষ, বাস চলাচল বন্ধ

বরিশাল থেকে সব রুটে বাস, পণ্যবাহী ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে। বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত থেকে বরিশাল থেকে কোনো রুটে বাস ছেড়ে যায়নি।

বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার চেষ্টাকালে আনসার সদস্যদের গুলি ও পুলিশের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগ-আওয়ামী লীগকর্মীদের সংঘর্ষ হয়েছে।

এ ঘটনার জেরেই বরিশাল থেকে সব রুটে বাস, পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে সিটি করপোরেশনের আবর্জনা পরিবহনের গাড়ি দিয়ে বরিশাল-ঢাকা মহাসড়কের বেশ কয়েকটি স্থানে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

ব‌রিশাল জেলা বাস, মি‌নিবাস, কোচ ও মাইক্রোবাস শ্র‌মিক ইউনিয়‌নের সভাপতি পরিমল চন্দ্র দাস বলেন, মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে লক্ষ্য করে আনসার সদস্যদের গুলিবর্ষণ এবং পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অভ্যন্তরীণসহ দূরপাল্লার সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে বরিশাল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ব্যানার সড়িয়ে ফেলাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ অন্তত ৩০-৪০ জন আহত হন।

বার্তা বাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর