ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনিকে মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ডের শুনানির জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) আদালতে হাজির করা হয়েছে। সকাল পৌনে ৯টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার শুনানি হবে।
এ বিষয়ে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী জানান, আজ তৃতীয় দফায় পরীমনির পাঁচ দিনের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে, ১৬ আগস্ট পরীমনিকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে সিআইডি। আবেদনের পর শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন আদালত।
আদালত সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট মাদক মামলায় পরীমনি ও তার অন্যতম সহযোগী আশরফুল ইসলাম দীপুকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
১৬ আগস্ট পরীমনির আইনজীবী মজিবুর রহমান জামিনের আবেদন করেন। তার শুনানির জন্যও বুধবার দিন ধার্য করেছিলেন আদালত। ১০ আগস্ট ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৫ আগস্ট তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ।
বার্তা বাজার/এসজে