কেরানীগঞ্জে চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার প্রধান আসামি রুবেল গ্রেফতার
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের চাঞ্চল্যকর সাগর হত্যা মামলার প্রধান আসামি মোঃ রুবেল হোসেন (২২) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যায় র্যাব-১০ এর এএসপি (অপ্স অফিসার) এনায়েত কবীর ‘বার্তা বাজারকে’ বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ এর একটি অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করেন। এসময় তার কাছ থেকে ১টি মোবাইল ফোন ও নগদ ১২টাকা জব্দ করা হয়।
র্যাব- ১০ এর কেরানীগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর ওবায়েদুর রহমান জানান, নিহত সাগর (২০) পেশায় একজন লেগুনা চালক ছিলো। এ বছরের গত ১৫ জুলাই সাগর তার বন্ধু শুভ গাজী ও রতন এর কাছে পূর্বের ধার দেওয়া ১০০ টাকা চাইতে গেলে শুভ, শামীম ও রুবেলসহ তার অন্যান্য বন্ধুদের সাথে ঝগড়া হয়।
এরই সূত্র ধরে গত ১৭ জুলাই আনুমানিক রাত সাড়ে ৮টার দিকে নিহত সাগর দক্ষিণ কেরানীগঞ্জ ধানাধীন চুনকুটিয়া যাওয়ার পথে কদমতলী গোলচত্তর পেট্রোল পাম্বের সামনে এসে গাড়ী থামানো মাত্রই রুবেল ও তার অন্যান্য সহযোগীরা সাগরকে টেনে হেছড়ে গাড়ী থেকে নামিয়ে মারধর করতে থাকে একপর্যায় সে প্রাণে বাঁচার জন্য পালানোর চেষ্টা করলে রুবেল সাগরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় সাগরকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিডফোর্ড) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকৎসক তাকে মৃত ঘোষনা করেন। এই ঘটনায় নিহতের বাবা মোঃ জমির আলী (৪৫) বাদী হয়ে দক্ষিণ কেরণীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
এর পরপরই র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামীদের গ্রেফতারে অভিযান শুরু করে এবং প্রধান আসামি মোঃ রুবেল হোসেন (২২) কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তাস্তর করা হয়েছে।
রানা আহমেদ/বার্তা বাজার/টি