অপরিকল্পিত ভাবে পুকুর খনন, ভাঙ্গনের আতংকে শতাধিক পরিবার

মুন্সীগঞ্জের সিরাজদিখানের মালখানগর ইউনিয়নের ফুরসাইল গ্রামে অপরিকল্পিত ভাবে পুকুর খনন করায় চারপাশের প্রায় শতাধিক পরিবার ভাঙ্গনের আতংকে রয়েছেন। ওই গ্রামের মৃত মঙ্গল দেওয়ানের ছেলে সাত্তার দেওয়ান গভীর করে পুকুরের মাটি উত্তোলন করেন। এ অবস্থায় পুকুরের চারপাশের বাড়ি-ঘরে ভাঙ্গন দেখা দিয়েছে। আতংকে দিনযাপন করছেন চারপাশের বসবাসকারী পরিবার গুলো।

সেখানকার বাসিন্দা তপন মন্ডল জানান, পুকুর পাড়ের চারদিকে প্রায় শতাধিক পরিবার বসবাস করে। সবাই ভাঙনের আতঙ্কে আছে। প্রশাসন যদি দ্রুত গতিতে ব্যবস্থা না নেয় তাহলে অনেকের বাড়ীই ভেঙ্গে পড়বে।

পুকুরের মালিক ছাত্তার দেওয়ান জানান, ‘আমাদের পুকুরটি প্রায় ৩০ বছর আগে খনন করেছি। ভাঙ্গনের বিষয়টি স্বীকার করে বলেন অতিবৃষ্টির কারনে চারপাশের পাড় ভাঙছে। তবে বর্ষা মৌসুম শেষ হলে বিষয়টি ভাঙ্গন রোধের চেষ্টা করবো।’

এ ব্যাপারে মালখানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সানজিদা আক্তার জানান,‘ বিষয়টি আমি অবগত আছি। প্রশাসনের সাথেও কথা হয়েছে খুব দ্রুত সুরাহা হবে।’

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, ‘ওই পুকুরটি ব্যক্তি মালিকানাধীন। পুকুরের চারপাশে যে সকল ভুক্তভোগী বসবাস করছেন তারাও তাদের মালিকানা জায়গায় বসবাস করছেন। বাড়ি ভেঙ্গে পড়ার বিষয়ে সত্যতা প্রকাশ করে ইউএনও আরও বলেন, আমি সরেজমিনে গিয়েছিলাম। প্রাথমিক ভাবে পুকুর মালিককে সমস্যাটির সমাধানের কথা বলেছি।

মোঃ মিজানুর রহমান/বার্তা বাজার/টি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর