এমপিকে নিয়ে স্ট্যাটাস, ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ
লালমনিরহাট ১ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস দেওয়ার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্করের বিরুদ্ধে।
মঙ্গলবার (১৭ আগস্ট) মধ্যরাতে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মিজান বাদী হয়ে ওই ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেন।
জানা যায়, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন গত ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী ওই কর্মসূচির সাংস্কৃতিক অনুষ্ঠানে তার উপস্থিতি নিয়ে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর নিজের ফেসবুক আইডি থেকে ওই অনুষ্ঠানের একটি ছবি পোস্ট করে সেখানে মোতাহার হোসেন এমপি নাম উল্লেখ করে আপত্তিকর মন্তব্য করেন।
এতে বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে সামাজিকভাবে হেয় প্রতিপন্নসহ তার মান-সম্মানের হানি করা হয়েছে বলে এমন অভিযোগে হাতীবান্ধা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি অভিযোগ করেন ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মিজান ।
এ ব্যাপারে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর জানান, জাতীয় শোক দিবসে অনলাইনের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান করার কথা উল্লেখ আছে। সেখানে বলা নাই অনুষ্ঠানে গান বাজনা করার কথা। আমি কাউকে হেয় প্রতিপন্ন করতে চাইনি।
আপনার ওই ফেসবুক স্ট্যাটাসটি এখন দেখতে পাওয়া যাচ্ছে না? এমন প্রশ্নে ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর বলেন, সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আমি স্ট্যাটাসটি ডিলিট করেছি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগটি জিডি আকারে গ্রহণ করে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
পরিমল চন্দ্র বসুনিয়া/বার্তা বাজার/টি