পাকুন্দিয়ায় ব্রহ্মপুত্র নদে নিখোঁজের ৩০ ঘন্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে মোবারক হোসেন (২১) নামের ডিগ্রি (BSS) পড়ুয়া এক কলেজ ছাত্র নিখোঁজের ৩০ ঘন্টা পর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ আগষ্ট) সন্ধ্যা ৭ টার দিকে নিখোঁজের স্থানের পাশ থেকেই তাকে উদ্ধার করা হয়। সে উপজেলার চরফরাদী ইউনিয়নের চরপাড়াতলা গ্রামের মোঃ বকুল ব্যাপারীর একমাত্র ছেলে ও পাকুন্দিয়া সরকারি কলেজের ছাত্র।

মঙ্গলবার (১৭ আগষ্ট) দুপুর ১২ টার দিকে দক্ষিণ চরটেকি ব্রহ্মপুত্র নদে নৌকা ডু্বে ওই কলেজ ছাত্র নিখোঁজ হয়েছিল।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মোবারক তার দুই বন্ধু সম্রাট ও জাকির হোসেনকে নিয়ে বাদাম কিনতে ময়মনসিংহের পাগলা থানা এলাকার বাইশ্যা বাজারে যেতে দক্ষিণ চরটেকী এলাকার ব্রহ্মপুত্র নদ পার হতে স্থানীয় ফারুক মিয়ার নৌকায় উঠে। ব্রহ্মপুত্রের স্রোতের তোড়ে ছোট নৌকাটি মাঝনদে গিয়ে ডুবে যায়। এ সময় মোবারকের দুই বন্ধু সম্রাট ও জাকির সাঁতরে এবং নৌকার মালিক ফারুক মিয়া নৌকা টেনে ও সাঁতরে তীরে ওঠতে সক্ষম হয়েছিল। কিন্তু মোবারক নিখোঁজ হয়। এ সময় স্থানীয় লোকজন ও স্বজনেরা চেষ্টা চালিয়ে তার খোঁজ না পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসকে বিষয়টি জানায়।

খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।

এ ব্যাপারে ঘটনাস্থল থেকে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, ঘটনা শোনার পর পরই পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে এবং তিনি ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। বুধবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে দক্ষিণ চরটেকির নৌকা দুর্ঘটনাস্থলের পাশ থেকে মরদেহটি ভাসন্ত দেখে উদ্ধার করে স্হানীয় লোকজন, মোবারকের চাচাতো ভাই রফিক ঘটনার সততা নিশ্চিত করেন।

হুমায়ুন কবির/বার্তা বাজার/শাহরিয়া

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর